শেখ হাসিনার অবস্থান জনগণের মণিকোঠায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশের রাজনীতিতে ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং জনঘণিষ্ঠ রাজনীতিবীদের নাম শেখ হাসিনা। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে বলেই জনগণের মনের ভাষা বুঝতে পারে।
গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধীদল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে? বিএনপি কিভাবে গণতন্ত্রের বিকাশমান রঙধনুতে রঙ যুক্ত করবে? বলে প্রশ্ন করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই।
বুধবার (১১ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই কেবল তাদের কাছে কমিশন নিরপেক্ষ ও ভাল হবে। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। বিরোধীতা তাদের একমাত্র রাজনৈতিক কৌশল।
আমেরিকার নির্বাচন থেকে শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধীদলেরও শেখার অনেক কিছু আছে জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে বলেন, দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যে দলগত ভূমিকা জণগণ প্রত্যাশা করে তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
কাদের বলেন, বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় দলটি জন্ম থেকে এ পর্যন্ত প্রমাণ করেছে বারবার।
মির্জা ফখরুলের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে।
বার্তাবাজার/কে.জে.পি