এক বছর পর ফিরেও ফিটনেস টেস্টে ১ নম্বরে সাকিব

এক বছর নিষেধাজ্ঞায় থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফিরে নিজের সক্ষমতা আবারও প্রমাণ করলেন। আজ বুধবার সর্বোচ্চ স্কোর করে ফিটনেস টেস্টে পাস করেছেন সাকিব। সবার চেয়ে বেশি ১৩.৭ স্কোর নিয়ে বিপ টেস্ট শেষ করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

গত ২ দিনে ফিটনেস টেস্টে অংশ নেন একশর বেশি ক্রিকেটার। সেখানে সর্বোচ্চ স্কোর ছিল পেসার মেহেদী হাসানের। তার স্কোর ছিল ১৩.৬। বুধবার মেহেদীকে পেছনে ফেলে সাকিব সর্বোচ্চ ১৩.৭ স্কোর নিয়ে ফিটনেস টেস্ট সর্বোচ্চ স্কোর করেন। গত সোমবারই পরীক্ষা দেয়া কথা ছিল সাকিবের। তবে, মাত্রই যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। জেট ল্যাগের ধকলের কথা চিন্তা করে বিসিবি তাই সাকিবের পরীক্ষা নিয়েছে দিন দুয়েক পর।

বিপ টেস্টে সর্বনিম্ন স্কোর করা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হচ্ছেন- নাসির হোসেন, সোহাগ গাজী। বিপ টেস্টে নাসির পেয়েছেন সর্বনিম্ন স্কোর ৮.৫। এ ছাড়া ক্রিকেটার আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস ১১-এর বেশি স্কোর নিয়ে উতরে গেছেন এই টেস্ট।

সাকিবের ফিটনেস নিয়ে বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার গণমাধ্যমকে জানান, খুব ভালো অবস্থায় আছে সাকিব। এর আগে সাকিবকে আমি এমন স্কোর গড়তে দেখিনি। সাকিব হার্ডওয়ার্ক করে পরিশ্রমের ফল পেয়েছে। এক বছর সাকিব ক্রিকেটের বাইরে ছিলেন, কিন্তু আমি নিশ্চিত তিনি ফিটনেস ঠিকই ধরে রেখেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর