হাজী সেলিমের দুর্নীতি মামলার নথি হাইকোর্টে তলব

আ.লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ১৩ বছরের দণ্ডের মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেছেন হাইকোর্ট।

আজ বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত-৭-কে এ নথি হাইকোর্টে পাঠাতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। হাজি সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

এর আগে, আপিলটির শুনানির দিন ধার্য করতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে গত সোমবার (৯ নভেম্বর) দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়।

ওইদিন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেছিলেন, এ মামলা পরিচালনার জন্য দুদক থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আজ (সোমবার) মামলাটি শুনানির জন্য আদালতে আবেদন (মেনশন) করেছি। এখন কার্যতালিকায় আসলে শুনানি করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর