যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ১ লাখ ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদিনে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৩শ’ জনের।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৩৫ হাজার ৫৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৩৪৫ জনের।
দেশটিতে মোট করোনা শনাক্ত ১ কোটি ৫ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৫ হাজার ৭৯৯ জন।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে রয়েছে।
এদিকে দৈনিক সংক্রমণ ২ লাখ স্পর্শ করতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম সতর্ক করেছেন।
এমএসএনবিসি-কে তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।’
বার্তাবাজার/অমি