এমপি পাপুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মানি লন্ডারিংয়ের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী সহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সংস্থাটির উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মামলায় ১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এতে এমপি পাপুল, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার এমপি পাপুল ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেয়া হয়।

দুদক সূত্রে আরো জানা গেছে, অনুসন্ধানে জেসমিন প্রধানের নামে দুই কোটি ৩১ লাখ টাকার একটি এফডিআরের সন্ধান পাওয়া গেছে। জেসমিন তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্ট গ্রহণ করেন। তাই তার বিরুদ্ধে দুদক আইন-২০০৪-এর ২৭(১) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সূত্রে জানা যায়, পাপুল, তার স্ত্রী ও মেয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ এনআরবি কমার্শিয়াল ব্যাংকে এফডিআর হিসেবে জমা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর