কুমিল্লায় স্ত্রীর সামনেই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জিল্লুর রহমান (৪৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার সকালে সোয়া ৭টার দিকে ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

কুমিল্লা নগরীর ২৫ নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরী মাস্টারের ছেলে নিহত জিল্লুর রহমান। তিনি ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মোটরসাইকেলে আসা ১০-১৫ জন লোক জিল্লুর রহমানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। এ সময় সঙ্গে থাকা তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

এ দিকে খবর পেয়ে বেলা ১১টা দিকে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান। তিনি সাংবাদিকদের জানান, আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর