রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ দুরুল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ এর একটি দল। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাটা বিলসংলগ্ন একটি সেতুতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত দুরুল মিয়া চাঁপাইনবাবগঞ্জ সদর থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত জাইদুল ঘোষের ছেলে।

এ বিষয়ে পাঠানো প্রেস রিলিজে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গোদাগাড়ীর বালিয়াঘাটা বিলসংলগ্ন এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দুরুল মিয়াকে ১ কেজি ৯৮০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। এই মাদকের মূল্য আনুমানিক দুই কোটি টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুরুল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে গোদাগাড়ী মডেল থানায় র‍্যাব বাদী হয়ে মামলা করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর