মানব ও অর্থ পাচার করার অভিযোগে কুয়েতের কারাগারে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের নামে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মানি লন্ডারিং আইনে দায়ের করা এই মামলায় আসামি করা হবে তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধানকেও।
আজ (মঙ্গলবার) দুদকের জনসংযোগ বিভাগের পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য জানান,আজ (মঙ্গলবার) কমিশন এই মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। শিগগিরই উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করবেন।
দুদক জানায়, পাপুলের শ্যালিকা জেসমিনের ব্যাংক অ্যাকাউন্টে ১৪৮ কোটি টাকার ‘অবৈধ লেনদেন ও পাচারের তথ্য’ অনুসন্ধানে পাওয়া গেছে। এজন্য মামলাটি দায়েরের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এর আগে পাপুলের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠার পর গত ২২ জুলাই তার স্ত্রীর সেলিনা ও শ্যালিকা জেসমিনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। তাছাড়া গত ২২ জুন ওই চারজনের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক। পাপুলের স্ত্রী, মেয়ে ও শ্যালিকার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়
পাপুল দেশে ফিরলে আর যেন বিদেশে যেতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দেয় দুদক।
বার্তাবাজার/এসজে