ইবি রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বার্তা বাজার’র মোস্তাফিজ রাকিব
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ এ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশের সর্বপ্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার এর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজ রাকিব।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইবি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুরতুজা হাসান (আমাদের নতুন সময়) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ। এ কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান।
এদিকে অভিমত জানতে চাইলে মোস্তাফিজ রাকিব বলেন, খুবই ভালো লাগছে। আশাকরি দপ্তর সম্পাদক হিসেবে অর্পিত সকল দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারবো। আমার উপর ভরসা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে সব সময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই প্রিয় কর্মস্থল বার্তা বাজার এর সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দীন পাটোয়ারী ভাই এবং অন্যান্য সবার প্রতি।
উল্লেখ্য, সাংবাদিক মোস্তাফিজ রাকিব ২০১৮ সাল থেকে বার্তা বাজার এ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০১৯ সালে তিনি বার্তা বাজার এর বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।
বার্তাবাজার/অমি