স্বাস্থ্যবিধি নিশ্চিতে ময়মনসিংহ পুলিশের প্রচারণা

শীতে করোনা সংক্রামণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ। এসময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ এবং দোকানে দোকানে সচেতনতামূলক ব্যানার টানানো হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম মোড়ে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।

পথচারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য শেষে পুলিশ সুপার জনসাধারণের মাঝে নিরাপত্তা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেন। ফলের দোকান, কনফেডারেশনারী এবং খাবার হোটেল গুলোতে সচেতনতামূলক ব্যানার টানানো হয়। গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন পুলিশ সুপার।

তিনি বলেন, যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা মোকাবেলায় সর্বক্ষেত্রে মাস্কের ব্যবহার নিশ্চিত করা হবে।

এসময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, জয়িতা শিল্পী, হাফিজুর রহমান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর