সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ৪২ রুটে বাস চলবে

রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান ২৯১টি রুট সমন্বয় করে ৪২টি মাধ্যমে বাস চলাচল করবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি জানান, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলোর জন্য নগরের বাইরে করা টার্মিনালে অবস্থান করতে হবে। এতে যানজট কমার সঙ্গে কমে আসবে ঢাকার বাড়তি চাপ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, নগরবাসীর জন্য শৃঙ্খলা ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে বাসরুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে। কমিটির কাজের অগ্রগতিও অনেক দূর এগিয়েছে। আমরা মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ২৯১টি রুট থেকে কমিয়ে ৪২টি রুটে আনার প্রস্তাব করেছি। যেখানে ঢাকায় চলাচলরত সাড়ে ৪ হাজার গাড়ির ২৫শ মালিককে ২২টি কোম্পানির অধীনে আনা হবে।

তিনি আরও বলেন, ‘এটা সম্পন্ন করতে পারলে যানজট অনেকটা কমে যাবে। পাশাপাশি ঢাকার পার্শ্ববর্তী শহর যেমন গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা গাড়িগুলোর জন্য শহরের বাইরে করা হবে নির্ধারিত টার্মিনাল। যেখানে যাত্রী নামানোর পর আবার নিজ শহরতলীতে সেগুলো ফিরে যাবে এতে যানজট কমবে আবার শহরের বাড়তি চাপও কমবে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর