পরবর্তী শুনানি পর্যন্ত জামিনে থাকবেন আনোয়ার হোসেন

রাষ্ট্রদ্রোহ মামলায় পরবর্তী শুনানি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর উচ্চ আদালতের জামিন বহাল থাকবে বলে আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে আনোয়ার হোসেন চৌধুরীর নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তানভীর।

যে মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন আনোয়ার হোসেন চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন আনোয়ার হোসেন চৌধুরী।

এ সময় আনোয়ার হোসেনের আইনজীবী আরো এক সপ্তাহ সময়ের আবেদন করেন। মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত সাত দিনের সময় মঞ্জুর করে আনোয়ার হোসেনের জামিন পরবর্তী শুনানির দিন পর্যন্ত বহাল রাখার আদেশ দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর