একবার আকবরকে আমি ছুঁয়ে দেখতে চাই: রায়হানের মা

সিলেটে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদের হত্যার ঘটনায় করা মামলার মূলহোতা বন্দরবাজার ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়াকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) সকালে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত থেকে আকবরকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

আকবর গ্রেফতার হওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘একবার আকবরকে আমি ছুঁয়ে দেখতে চাই। এর কারণ আকবর মানুষ কিনা- সেটি আমি পরীক্ষা করতে চাই। কোনো মানুষ এভাবে কোনো মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে না।’

রায়হানের মা জানান, ‘এস আই আকবরকে গ্রেফতার করায় তিনি সন্তুষ্ট। কিন্তু তার বিচার প্রকাশ্য জনগণের সামনে সিলেটের কোর্ট পয়েন্টে করতে হবে। তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। তবেই রায়হানের আত্মা শান্তি পাবে।

তিনি বলেন, আকবরকে পালিয়ে যেতে সহায়তা করেছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সেটি আকবর বলেছে। ওই পুলিশ কর্মকর্তাসহ আকবরকে সহায়তাকারী সাংবাদিক নোমানের শাস্তি দাবি করেন তিনি। বলেন, যারা অপরাধীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তারাও সমান অপরাধী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর