মাদ্রাসা সুপারের মাথা ফাটলো কর্মচারীর চেয়ারের আঘাতে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাজির বলসা দাখিল মাদ্রাসার সুপারকে চেয়ার দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন একই মাদ্রাসার অফিস সহকারী কাজী মাহমুদুল হাসান। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঐ মাদ্রাসার অফিস কক্ষেই।

ভুক্তভোগী মাদ্রাসা সুপার নজরুল ইসলাম গুরুতর আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে মাদ্রাসা সুপার নজরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে ইবতেদায়ীর প্রথম ও দ্বিতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের কিছু খাতা মূল্যায়ন করে সহযোগিতা করার জন্য মাদরাসার সহকারি শিক্ষিকা শাহানা ইয়াসমিন অফিস সহকারি কাজী মাহমুদুল হাসানকে অনুরোধ করেন। অফিস সহকারী তার অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এরপর শিক্ষিকা শাহানা ইয়াসমিন বিষয়টি সুপারকে জানালে সুপারও অফিস সহকারীকে খাতাগুলো মূল্যায়ন করে দেওয়ার নির্দেশ দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে মাদরাসা থেকে বের হয়ে চলে যান। কিছুক্ষণ পর অফিস সহকারী মাদরাসায় প্রবেশ করে সুপারের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে অফিস সহকারী কাজী মাহমুদুল হাসান চেয়ার দিয়ে সুপারের মাথায় আঘাত করেন।

এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী মাহমুদুল হাসানের মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর