মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলে অ্যাসাইনমেন্টের কাগজ জমা দিয়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করার অপরাধে নির্মল চন্দ্র শম্ভু (২৫) নামের এক বখাটেকে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত বখাটে নির্মল পৌর সদরের দক্ষিন কুমড়াকাপন এলাকার নিপেন্দ্র শীলের ছেলে।
জানা যায়, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী স্কুলে অ্যাসাইনমেন্টের পেপার জমে দিয়ে বাড়ি ফেরার পথে নির্মল তার পথ আটকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। তখন স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে বখাটে শম্ভুকে পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ঘটনাস্থলে পৌঁছে মেয়েটির জবানবন্দি শুনে ঘটনার সত্যতা পেয়ে বখাটে নির্মলকে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আশেকুল হক অভিযুক্ত বখাটেকে সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে