যৌতুকের দাবিতে স্ত্রীর পায়ের রগ কেটে দেযার ঘটনায় অভিযুক্ত রাসেল বালীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিনগত রাতে বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে আত্মগোপনে থাকা একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ (৯ নভেম্বর) দুপুরে আদালতে সোর্পদ করলে গ্রেফতারকৃত রাসেল বালীকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন আদালতের বিচারক।
জানা গেছে, চলতি বছরের ৩ অক্টোবর সকালে বানারীপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের দুলাল বালীর বাসার সামনের রাস্তায় শিশু সন্তানের সামনে গৃহবধূ হ্যাপি বেগমের পায়ের রগ কেটে দেয় তার স্বামী রাসেল।
এ ঘটনায় ৪ অক্টোবর আহত গৃহবধূর পিতা রাজ্জাক হাওলাদার বাদি হয়ে বানারীপাড়া থানায় রাসেল বালী, তার বাবা হাসান বালী, মা খাদিজা বেগম ও চাচাতো ভাই জসিম বালীকে আসামি করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী গৃহবধূর বাবা জানান, সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর পুত্র ধান ব্যবসায়ী রাসেলের সাথে ১০ বছর পূর্বে সামাজিকভাবে তার মেয়ের বিয়ে হয়। তাদের সংসারে রিমি (৯) ও রাতুল (৩) নামের দুটি সন্তান রয়েছে।
তিনি আরও জানান, তিন লাখ টাকা যৌতুকের দাবিতে হ্যাপিকে দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো রাসেল। স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে হ্যাপি তার স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ৩৬ হাজার টাকা দিলেও বাকী টাকার জন্য তার ওপর নির্যাতন অব্যাহত থাকে।
যদিও রাসেল দাবী করেছিল, পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে যাওয়ার সময় তার শ্বাশুড়ি স্ত্রীর রগ কেটে দিয়েছে।
প্রসঙ্গত, ঘটনার ১ মাস পাঁচদিন পর গ্রেফতার হন মামলার প্রধান আসামী।
বার্তাবাজার/অমি