ঢাবি ছাত্রলীগের সাদ্দাম ৯ বছর পরে ২.৭১ পেয়ে স্নাতক শেষ করলেন

৯ বছর পরে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কোর্স শেষ করলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

গতকাল বিকালে প্রকাশিত ফলাফলে তিনি দ্বিতীয় বিভাগে পাশ করেন। যদিও নিয়ম আছে স্নাতক কোর্স ৬ বছরের মধ্যে শেষ করার। কিন্তু তার ক্ষেত্রে অজ্ঞাত কারণে এই নিয়ম মানা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পাস করেছি। শিক্ষক, সহপাঠী সবাইকে ধন্যবাদ।’

তবে বিশ্ববিদ্যালটির সিন্ডিকেটের আদেশে বলা হয়ছে, আট বছরের বেশি কোনো শিক্ষার্থী ঢাবির নিয়মিত ছাত্র হিসেবে অধ্যয়ন করতে পারবেন না। এই আট বছরের ভেতর ছয় বছরে স্নাতক ও দুই বছরের মধ্যে স্নাতকোত্তর করতে হবে। কিন্তু সাদ্দাম হোসেনের শুধু স্নাতক শেষ করতেই সময় লেগেছে নয় বছর।

জানা যায়, ঢাবি শাখা ছাত্রলীগের মেয়াদ শেষ হওয়া কমিটির সম্পাদক সাদ্দাম হোসেন ২০১১-১২ সেশনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। প্রথম বর্ষ পার হতে তিনি তিন বছর সময় নেন। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। চতুর্থবারের প্রচেষ্টায় ২০১৫ সালে তিনি প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হন।

এরপর ২০১৬ সালের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা পাস করতে পারেননি সাদ্দাম হোসেন। ২০১৭ সালের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০১৮ সালে তৃতীয় বর্ষে পদার্পণ করেন সাদ্দাম। সেই পরীক্ষায়ও অকৃতকার্য হন সাদ্দাম। সর্বোপরি এই ছাত্রনেতা গত সাত বছরে পাঁচবার ফাইনাল পরীক্ষায় ফেল করেন।

তবে অনুষদের ডিনের বিশেষ ব্যবস্থার মাধ্যমে সাদ্দাম হোসেন স্নাতক শেষ করেন। স্নাতকে তাঁর ফলাফল প্রকাশিত হলে তিনি ২.৭১ পান বলে
জানা যায়।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হাসানুজ্জামান বলেন, সাধারণত নিয়ম হচ্ছে ছয় বছরে অনার্স শেষ করা। কিন্তু এর মধ্যে যদি কেউ শেষ করতে না পারে তবে সে বিভাগীয় চেয়ারপারসন বরাবর আবেদন করে ডিনের মাধ্যমে ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী আরো দুই বছর পেতে পারেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর