আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীর আইনজীবী সনদ নিয়ে রিট করা নিয়ে আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসানকে ১০০ টাকা করে জরিমানা করায় প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। প্রতিবাদ স্বরূপ জরিমানার ২০০ টাকা পরিশোধ করতে ১ টাকা করে দিচ্ছেন তারা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে রাখা বক্সে সাধারণ আইনজীবীরা টাকা রেখে প্রতীকী প্রতিবাদ জানান।
যে কবিতা ফেসবুকে শেয়ার করার জন্য আদালত অবমাননার রুল জারি করা হয়েছে, বক্সের গায়ে সেই কবিতা সেঁটে দেওয়া হয়েছে।
প্রতিবাদ করতে আসা ব্যারিস্টার অনিক আর হক বলেন, আমাদের দুজন আইনজীবীকে সুকুমার রায়ের কবিতা ও একটি সিনেমার ঘটনা ফেসবুকে লেখার জন্য কনটেম্পট ইস্যু করা হয়েছে এবং তাদের ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আমরা মনে করি এটা শুধু দুই আইনজীবীকে করা হয়নি। আমাদের সুপ্রিম কোর্টের সব আইনজীবীকে এ জরিমানা করা হয়েছে। এ কারণে প্রতীকী প্রতিবাদ করছি।
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান বলেন, জাজমেন্ট নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে, যারা এটার পিটিশনার ছিল তারা ফেসবুকে একটা কবিতা শেয়ার করেছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। এ মামলায় তাদের জরিমানা করা হয়েছে। এটা খারাপ লেগেছে। ওদের সাপোর্ট করার জন্য প্রতীকী হিসেবে ১ টাকা করে প্রদান করছি।
বার্তাবাজার/কে.জে.পি