মিয়ানমারের বাহিনীর গুলিতে বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) গুলি করে এক বাংলাদেশি জেলেকে হত্যা করেছে। শনিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হলে সেখানে গভীর রাতে তিনি মারা যান।

নিহত জেলে মোহাম্মদ ইসলাম (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকা নিয়ে মাছ শিকারে নামে নাফ নদে। কিছুক্ষণ পর মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখানে মোহাম্মদ ইসলামের পেটে গুলি লেগে আহত হলে তার সঙ্গে থাকা অন্য জেলেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, খবর পেয়েছি বিজিপির গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিষেধ থাকা সত্ত্বেও রাতের আঁধারে কয়েকজন জেলে নৌকা নিয়ে নাফ নদে নেমে মিয়ানমার জলসীমায় ঢুকে যায়। এরপর বিজিপি তাদের লক্ষ্য করে গুলি চালালে একজন বিদ্ধ হয় এবং পরে মারা যান।

বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে যেন ভবিষ্যতে এভাবে অকারণে গুলি করে বাংলাদেশিকে হত্যা করা না হয়। বিজিপি জানিয়েছে, তাদের সীমানায় নৌকায় সন্ত্রাসী মনে করে গুলি করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর