কক্সবাজারের টেকনাফে স্বর্ণ চোরাকারবারী চক্রের অন্যতম এক সদস্য আব্দুল গণী (৪৬) কে ৯৯ ভরি ১১ আনা স্বর্ণসহ আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২ বিজিবি)।
আজ সকালে উপজেলার হোয়াইক্যং সড়কে বিজিবি তল্লাশী চৌকিতে কক্সবাজগামী যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার সাতককনিয়া ছয়দাহাট, আফজাল নগর এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। সে টেকনাফ লামার বাজারের গফুর সওদাগরের ভাই হিসেবে পরিচিত।
২বিজিবি অধিনায়ক জানান, সকালে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোষ্টে পৌছালে জওয়ানরা তার দেহ তল্লাশী করে। তল্লাশীকালে পরিহিত প্যান্টে কৌশলে লুকানো অবস্থায় ৯৯ ভরি ১১আনা ওজনের ৭টি স্বর্ণের বারসহ তাকে আটক করে। এসব স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মিয়ানমার থেকে এনে পাচার করা হচ্ছিলো।
জব্দকৃত স্বর্ণ গুলো আইনী প্রক্রিয়া শেষে জেলা ট্রেজারীতে জমা করা হবে এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আটক ব্যক্তি ও তার অপর দুই সহোদর দ্বীর্ঘ বছর ধরে লামার বাজার এলাকায় মুদির দোকানের আড়ালে মিয়ানমারের সাথে বিভিন্ন চোরাকারবার চালিয়ে আসছিলো।
স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে, লামার বাজার এলাকার দুইজন জুয়েলার্স ব্যবসায়ীর সাথে মিলে চোরাই পথে মিয়ানমার থেকে স্বর্ণ এনে চট্টগ্রাম পাচার করে আসছিলো। গফুর ও তার দুই সহোদর স্বর্ণ চোরাচালান ও মিয়ানমারের সাথে স্লিপের ব্যবসা (অবৈধ টাকা পাচার) করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তাদের দাবী গোয়েন্দা অনুসন্ধানে এই চক্রের আদ্যোপান্ত বেরিয়ে আসবে।
বার্তাবাজার/অমি