বাল্কহেড চেয়ারম্যান সেলিম বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি, প্রতিকারে মানববন্ধন

মেঘনা নদীর চাঁদপুরের হরিনা ফেরীঘাট ও আলু বাজার পয়েন্টে চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে বাল্কহেড মালিক-শ্রমিকরা।

আজ রোববার (৮ নভেম্বর) বরিশাল নগরীর চাঁদমারী সংলগ্ন কীর্তনখোলা নদীতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সাধারণত দক্ষিনাঞ্চলে বালু আসে নৌপথে রাজবাড়ী জেলার পাকশি এবং কুষ্টিয়া থেকে। বরিশাল অঞ্চলের অন্তত ৫শ’ বাল্ডহেড রাজবাড়ি এবং কুষ্টিয়া থেকে বালু পরিবহন করে।

পথিমধ্যে চাঁদপুরের হরিনা ফেরীঘাট ও আলু বাজার সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ও স্পীডবোটযোগে বাল্কহেড থেকে ৮/১০ হাজার টাকা চাঁদা নিয়ে থাকে স্থানীয় সেলিম চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী। চাঁদা না দিলে বাল্কহেড শ্রমিকদের মারধর করে মুঠোফোন ও মূল্যবান মালামাল লুট করে নেয়। অনেক সময় বাল্কহেড আটকে রেখে নদীতে বালু ফেলে দেয়।

সবশেষ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চাঁদা না দেয়ায় বরিশালগামী বালুবাহী দুটি বাল্কহেডের দশজন শ্রমিককে মারধর করে বাল্কহেড আটকে রাখে সেলিম বাহিনী।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর