সত্যায়িত করতে গিয়ে চিকিৎসকের সাথে দুর্ব্যবহার, কলেজছাত্রের জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে সনদপত্রের ফটোকপি সত্যায়িত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করায় সম্রাট আকবর (২৩) নামে এক কলেজ ছাত্রকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

আকবর বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

আদালত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আকবর কিছু সনদপত্রের ফটোকপি সত্যায়িত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ মূল কপি না থাকায় সত্যায়িত করতে অপারগতা প্রকাশ করলে ওই কলেজ ছাত্র চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং দুর্ব্যবহার করে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানকে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আকবরকে ১৮৬০ এর ১৮৯ ধারায় ৭হাজার টাকা জরিমানা করেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর