দুর্নীতি মামলায় সাবেক মেয়র মীর নাছির কারাগারে

অবৈধসম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামালায় সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক রুহুল ইমরানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০০৭ সালের ৬ মার্চ অবৈধসম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

ওই বছরের ৪ জুলাই বিশেষ জজ আদালত মীর নাছির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল আবেদন করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।

হাইকোর্টের এ রায় বাতিল চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ ২০১৪ সালের ৩ জুলাই হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টেই শুনানি ও বিচার করার নির্দেশ দেন। এ নির্দেশে হাইকোর্টে পুনরায় শুনানি হয়।

শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ। রায়ে বাবা-ছেলেকে নিম্ন আদালতের দেয়া সাজা বহাল রাখা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর