এডিস মশা নিধনে ডিএনসিসির চিরুনি অভিযান

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) ৬ষ্ঠ দিনের মত পরিচালিত হচ্ছে।

আজ রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে গতকাল শনিবারের অভিযানে মোট ১৩ হাজার ৪৯১টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৮৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

এছাড়া ৮ হাজার ২৫২টি বাড়ি ও স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পাওয়ায় সেখানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানিতে মশার কীটনাশক প্রয়োগ করে জমে থাকা পানি ফেলে দেয়া হয়। এডিসের লার্ভা পাওয়ায় ও অন্যান্য অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে সাতটি মামলায় মোট ২ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসিসি সূত্রে জানা যায়, চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাব-সেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে অর্থাৎ ১০টি সাব-সেক্টরে অভিযান পরিচালিত হচ্ছে। এভাবে ১০দিনে ডিএনসিসির সকল এলাকায় অভিযান সম্পন্ন করা হবে।

প্রতিটি সাব-সেক্টরে ডিএনসিসির চারজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন মশক নিধন কর্মী, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১০ জন মশককর্মী বিভিন্ন বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠানে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা আছে কিনা, কিংবা কোথাও তিন দিনের বেশি পানি জমে আছে কিনা, কিংবা ময়লা-আবর্জনা আছে কিনা, যা এডিস মশার বংশবিস্তারে সহায়ক, তা পরীক্ষা করছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর