ফরিদপুরের আলফাডাঙ্গায় মামলার বাদীকে মামলা প্রত্যাহার করতে অব্যাহত হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পশ্চিম চরনারানদিয়া গ্রামের মো. অহিদুজ্জামান মোল্যা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে মো. অহিদুজ্জামান বলেন, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারের উত্তর অংশে আমি একটি বহুতল ভবন নির্মাণ শুরু করি। ইতোমধ্যে একতলা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। কিন্তু বিল্ডিং নির্মাণ কাজের শুরু থেকেই একই ইউনিয়নের খালিদ মোশাররফ রঞ্জু ও তার কিছু সহযোগী লোকজন আমার নির্মাণাধীন ভবনের সামনে এসে কাজে বাঁধা দেয় ও ভাবনের কাজ করতে হলে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার কাজ বন্ধ করে দেয়।
সর্বশেষ গত ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে স্থানীয় রাজমিস্ত্রী খোরশেদ শেখকে নিয়ে ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করতে গেলে খালিদ মোশাররফ রঞ্জু ও তার সহযোগী লোকজন এসে আমাকে মারপিট ও ভবনের নিচতলায় ভাংচুর করে। এ ঘটনায় ২ নভেম্বর হামলাকারী ১৪জন ব্যক্তির নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করি। এর পর থেকে অভিযুক্তরা আমাকে ও আমার মামলার স্বাক্ষীদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে।
মো. অহিদুজ্জামান আরো অভিযোগ করে বলেন, আসামীরা আমার মামলার ৪নং স্বাক্ষী পাখি সরদারকে গত ৪ নভেম্বর সকালে পশ্চিম চরনারানদিয়া গ্রাম থেকে অতর্কিত হামলা করে মারাত্মক ভাবে আহত করে।
যার কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের ভয়ে বাড়ী-ঘরে থাকতে পারছেন না। এ ঘটনায় তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বার্তাবাজার/অমি