প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানুষের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। মানুষের কল্যাণ ও মঙ্গল করার কাজে নিয়োজিত থাকতে হবে, রাজনীতিকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুল রাজ্জাক।
গতকাল (শনিবার) মানিকগঞ্জের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে আরও সংগঠিত করতে হলে বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যে উন্নয়ন করেছে তার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
মোঃ আব্দুল রাজ্জাক বলেন, কিছু কিছু কর্মী আছে যারা নিজের স্বার্থে অপকর্ম করে দলের গায়ে কালিমা লেপন করে। তাদের হাত থেকে দলকে রক্ষা করতে হবে। সবসময় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে দলের ভাবমূর্তি আরো বাড়াতে হবে, সুসংহত করতে হবে।
কৃষিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ একসময় খাদ্য ঘাটতির দেশ ছিল। সেই দেশ চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় হয়েছে। কৃষির এই সাফল্যকে ধরে রেখে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা হবে। গ্রামীণ বাংলাদেশকে সত্যিকারের শহরে রূপান্তর করতে হলে গ্রামীণ মানুষের আয় বাড়াতে হবে।
বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস সালাম প্রমুখ।
বার্তাবাজার/অমি