আর্থ সামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম: গণপূর্ত প্রতিমন্ত্রী

তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ তাদের সীমিত সম্পদ ও স্বল্প পুঁজি একত্রিত করে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বিভিন্ন আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিক উন্নয়ন করেছেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গতকাল (শনিবার) ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ময়মনসিংহের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমবায় কার্যক্রম। একই সাথে রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে সাধারণ মানুষ পরস্পরের সুখ-দুঃখ এবং প্রাত্যহিক জীবনে বিভিন্ন অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়েছেন। ফলে তাদের পরস্পরের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে। সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা একাধারে তাদের নিজেদের এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের সম্মিলিত প্রচেষ্টা যে কখনো ব্যর্থ হয় না সমবায় সমিতি তার প্রকৃষ্ট উদাহরণ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত সমবায় দুগ্ধ খামার মিল্ক ভিটার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ যে সম্মিলিতভাবে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মিল্ক ভিটা তার অন্যতম একটি উদাহরণ। প্রতিষ্ঠানটি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে দেশের সুনাম, সুখ্যাতি ও সক্ষমতার পরিচয় তুলে ধরেছে। একই সাথে গুরুত্বপূর্ণ শিশুখাদ্য সরবরাহ করে দেশে পুষ্টির চাহিদা পূরণ করছে।

ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দের প্রতি এ ধরণের আরো একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর