চট্টগ্রামের সাতকানিয়ায় আজম উদ্দিন (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আজ (শনিবার) দুপুরে উপজেলার ধর্মপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতা আজম উদ্দিন উপজেলার ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও একই ইউনিয়নের চাঁদেরপাড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরী জানান, গত সপ্তাহে মুহুরীপাড়ার ছাত্রলীগকর্মী শিমুলের বসতঘরে লেডুর নেতৃত্বে হামলা চালানো হয়। তারা ভাঙচুর ও মালামাল লুট করে।
তবে এই অভিযোগ অস্বীকার করে আজম জানান, ‘এলাকায় ডাকাত হিসেবে পরিচিত জিয়াবুল হোসেন লেডুর নেতৃত্বে লোকজন পূর্বশত্রুতার জের ধরে আমাকে আটক করে মারধর করেন। পরে আমার কোমরে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করে।’
আজমের করা অভিযোগ অস্বীকার করে জিয়াবুল হোসেন জানান, ‘ছাত্রলীগ নেতা তুহিন ও আজম ধর্মপুরে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন। আজম আমাকে দেখে বুকে পিস্তল ধরে গুলি করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন আজমকে আটক করে পুলিশে দেয়।’
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘এক যুবককে আটক করে অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এ নিয়ে আমরা দুই ধরনের বক্তব্য পাচ্ছি। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বার্তাবাজার/এসজে