মহামারি করোনাকালে ব্যবসার সংকট মোকাবিলায় ঘোষিত প্রণোদনা প্যাকেজের কোনো টাকা পায়নি দেশের ৭২ শতাংশ প্রতিষ্ঠান। বাকি ১৯ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এই সুবিধা ভোগ করতে পারলেও ৯ শতাংশ জানেই না এই প্যাকেজের তথ্য।
এই তথ্য ওঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) ‘কোভিড–১৯ ও ব্যবসায় আস্থা: অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে’ শীর্ষক এক জরিপে । আজ (শনিবার) এই জরিপের ফলাফল নিয়ে ওয়েবিনার হয়।
জরিপে ৫০২টি প্রতিষ্ঠানের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসা কেমন ছিল তা নিয়ে গবেষণা করা হয়। এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এই জরিপে আগেও এপ্রিল থেকে জুনের পরিস্থিতি নিয়ে একটি জরিপ করা হয়েছিল।
জরিপকারী প্রতিষ্ঠান সানেম জানায়, গত এপ্রিল-জুন সময়ের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যবসায়ীদের মধ্যে আস্থা বেড়েছে। কিন্তু কোভিড–১৯ আসার আগে যে ধরনের আস্থা ছিল, তেমন আস্থা আসেনি ব্যবসায়ীদের মধ্যে।
জরিপের ফলাফল অনুযায়ী এবার দেখা যাক কোন ধরনের প্রতিষ্ঠান প্রণোদনা প্যাকেজের অর্থ বেশি পেল। জরিপে অংশ নেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১৯ শতাংশ প্রণোদনার অর্থ পেয়েছে।
তবে বড় প্রতিষ্ঠান বেশি পেয়েছে। ৩০১টি ছোট প্রতিষ্ঠানের মধ্যে ৮ শতাংশ প্রতিষ্ঠান প্রণোদনা পেয়েছে। মাঝারি আকারের ৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২০ শতাংশ এ সুবিধা পেয়েছে। জরিপে ১৫৭টি বড় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের মধ্যে ৪১ শতাংশ প্রণোদনার টাকা পেয়েছে।
প্রণোদনার অর্থ পেতে দীর্ঘ প্রক্রিয়া, ব্যাংকের সব শর্ত মানতে না পারা, প্রণোদনা সম্পর্কে তথ্যের অভাব—মূলত এসব কারণেই ছোট প্রতিষ্ঠানগুলো প্রণোদনার টাকা পাচ্ছে না।
জরিপের ফলাফলের ওপর অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা আলোচনা করেন। জরিপের ফলাফল তুলে ধরেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ প্রমুখ বক্তব্য দেন।
বার্তাবাজার/এসজে