পাবনার ঈশ্বরদীতে মো. নাইম নামের এক পুলিশ কনস্টেবলের ট্রাঙ্ক থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার) ঈশ্বরদীর পাকশী রেলওয়ে থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. নাঈমকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার পুলিশের ব্যারাকে অবস্থানরত নাঈমের ট্রাঙ্ক থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাকশী রেলওয়ে পুলিশ সুপার শাহাব উদ্দিন।
সূত্র জানায়, গত বুধবার রাজশাহী থেকে ঢালারচর অভিমুখী ঢালার চর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের মধ্যে ২৫ বোতল ফেনসিডিল পুলিশের গাড়ি থেকে গোপনে সরিয়ে নিজের ট্রাঙ্কে রাখার সময় ঘটনাটি ব্যারাকে থাকা অন্য এক কনস্টেবলের চোখে পড়ে।
পরে এই ঘটনা রেলওয়ে পুলিশের সুপার শাহাব উদ্দিনকে জানান তিনি। ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা ব্যারাকে গিয়ে কনস্টেবল নাইমের ট্রাঙ্ক থেকে ফেনসিডিল জব্দের পর তাকে গ্রেফতার করে।
তবে অভিযুক্ত নাঈম জানান, ওই ফেনসিডিল রেল থানার ওসি গোপাল কুমার দাস ও সেকেন্ড অফিসার রঞ্জন কুমার বিশ্বাসের নির্দেশে তিনি তার নিজস্ব ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখেন।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি ও সেকেন্ড অফিসারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ওসির ফোন বন্ধ পাওয়া গেছে এবং সেকেন্ড অফিসার কল রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার শাহাব উদ্দিন বলেন, মাদক ব্যবসার সঙ্গে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। কনস্টেবল নাইমকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য উদ্ধারের চেষ্টা করা হয়েছে। শুক্রবার তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে