জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি: জাসদ সেক্রেটারি

জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।

আজ (শনিবার) ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের ৪৫তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ (জাসদ) আয়োজিত রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, কর্নেল তাহের ৭ নভেম্বর অভ্যুত্থানের নায়ক। জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি। ১৯৭৫-এর ১৫ আগস্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হোক। ৭ নভেম্বর অভ্যুত্থানের নির্যাস যদি ঠিকমতো গ্রহণ করা হতো, তাহলে ২০০৯-এ বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটত না।

সভায় জাসদের স্থায়ী কমিটির সদস্য ইন্দুনন্দন দত্ত বলেন, স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের নিয়ে গণমানুষের মুক্তির লক্ষ্যে গঠিত প্রথম রাজনৈতিক দল জাসদ। কর্নেল তাহের একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হোক। ৭ নভেম্বর থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন করিম সিকদার, নাসিরুল হক নওয়াব, মনজুর আহমেদ মনজু, আব্দুল কাদের হাওলাদার, আব্দুস সালাম খোকন, গৌতম শীল প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর