“সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো”-শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দীলিপ কুমার নাগ, সাধারন সম্পাদক প্রদ্যুৎ নাগ, সহ-সভাপতি জহর লাল সাহা, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য, সদস্য সুবোধ দাস, অ্যাডভোকেট সুভাষ দাস, সুহাষ চৌধুরী। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন অব্যাহত রয়েছে। বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদেরকে নানা অজুহাতে বহিস্কার করা হচ্ছে। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার দাসপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়াও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোরবানপুরে পরিকল্পিত হামলা হয়েছে।
বক্তারা সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের পাশপাশি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৭২এর সংবিধান মৌল আদলে ফিরিয়ে আনারও দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুশিয়ারী উচ্চারন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বার্তাবাজার/অমি