বগুড়ায় নব্য জেএমবির ৪ সদস্য আটক

বগুড়ার শিবগঞ্জে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ নব্য জেএমবির ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন।

তিনি জানান, জঙ্গিরা নাশকতার উদ্দেশ্য নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বগুড়া জেলার শিবগঞ্জ থানার চণ্ডিহারা এলাকার একটি স্থানে সমবেত হতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা গােয়েন্দা পুলিশ শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডিহারা এলাকায় অভিযান চালিয়ে ০৪(চার) জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড ৭.৬৫ পিস্তলের গুলি, একটি দেশি তৈরি ওয়ান শুটার গান, দুইটি কার্তুজ, ৩টি অত্যাধুনিক বার্মিজ চাকু, ১টি চাপাতি, ১ কেজি বিস্ফোরক দ্রব্য (পটাশিয়াম ক্লোরেট), ২টি লাল টেপ, ৪টি ব্যাটারি, কিছু পরিমাণ তার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো– নব্য জেএমবি’র আইটি শাখার সদস্য মােঃ তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম(২৫), মিডিয়া শাখার প্রধান মােঃ জাকারিয়া জামিল(৩১), সক্রিয় সদস্য মােঃ আতিকুর রহমান(২৮) ও মােঃ আবু সাঈদ(৩২)।

আটক ব্যক্তিদের মধ্যে মোঃ তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের ছাত্র। এ বছরের শুরুতে জানুয়ারি মাসে আশুলিয়াতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জঙ্গি পুস্তক, ইলেকট্রনিক্স ও ড্রেন তৈরির সরঞ্জামসহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল।

এছাড়া আটক আতিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। সে নতুন সদস্য এবং অর্থ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত। সর্বশেষ ব্যক্তি মােঃ আবু সাঈদ যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে ৫০টির মতাে উচ্চক্ষমতা সম্পন্ন বােমা বানানাে সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং সন্ত্রাস বিরােধী আইনের পৃথক পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর