হিজড়াদের জন্য মাদরাসা, চলবে কওমি সিলেবাস অনুযায়ী

দেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বেসরকারি উদ্যোগে একটি মাদরাসা চালু হয়েছে। মাদরাসাটিতে ১০ জন শিক্ষক রয়েছেন। এখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষার পাঠ নিতে পারবেন শতাধিক শিক্ষার্থী।

শুক্রবার ঢাকার কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের ঢাল এলাকায় তিনতলা একটি ভাড়া বাড়িতে ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা’টির কার্যক্রম শুরু হয়েছে। এতে অর্থায়ন করছে মরহুম আহমেদ ফেরদৌস বারী ফাউন্ডেশন। এর অধ্যক্ষ পরিচালক মুফতি আবদুর রহমান আজাদ নিজেও উদ্যোক্তাদের একজন।

মুফতি আজাদ বলেন, এই মাদরাসায় প্রথমে তৃতীয় লিঙ্গের মানুষদের কোরআন শিক্ষা দেয়া হবে। এছাড়া কওমি শিক্ষা সিলেবাস অনুসারে নুরানি, নাজেরা, হিফজুল কুরআন ও কিতাব বিভাগ চালু হবে।

অধ্যক্ষ বলেন, তাদের মূলধারায় ফিরিয়ে এনে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে মাদরাসার শিক্ষকদের ১০ হাজার টাকা করে বেতন দেয়া হচ্ছে। যারা ঊর্ধ্বতন পর্যায়ে আছে তাদের বেতন ৩০ হাজার টাকা। শিক্ষকসহ মাদরাসার পরিচালনার খরচ দিচ্ছে মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশন।

সরকারের সমাজসেবা অধিদফতরের তথ্য বলছে, বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১০ হাজার। তবে বেসরকারি সংস্থাগুলোর মতে, এই সংখ্যা ৫০ হাজারের বেশি।

হিজরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতু বলেন, হিজড়াদের মৌলিক চাহিদা মেটানোর সুযোগ দেয়া হলে তারা রাস্তায় নেমে কাউকে বিরক্ত করবে না। তারাও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চায়। আমি এ জন্য মাদরাসাটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর