চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে এমন অনেক এলাকা আছে যেগুলো উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। শহরের মধ্যে অবস্থান হলেও আশানুরুপ উন্নয়ন না হওয়ায় নগরীর অনেক এলাকাকে মানুষ এখনো গ্রাম বলে। তাই আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম মহানগরীর অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
শুক্রবার (০৬ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাস্থ চট্টগ্রাম রিকন্ডিশন মটর সাইকেল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী।
তিনি আরো বলেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর বলা তলাবিহীন ঝুড়ি’র এই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুদক্ষ নেতৃত্বে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বাংলাদেশকে ব্যঙ্গকরা সেই সব রাষ্ট্র প্রধানরাও স্বীকার করেছেন আসলেই শেখ হাসিনা উন্নয়নের নেত্রী, জনগণের নেত্রী, বিশ্বের অন্যতম ক্ষমতাধর বিশ্বনেত্রী।
মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী আরো বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশে পদ্মা সেতু করার জন্য টাকার জোগান দেয়ার কথা বলে পরক্ষণে আবার তাদের মত পরিবর্তন করেন। কিন্তু আমাদের প্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, তোমাদের টাকা আমাদের লাগবে না, বাংলার জনগণের টাকায় আমরা পদ্মাসেতু করবো। জননেত্রী শেখ হাসিনা বাংলার জনগণের সহায়তায় সেই কথা রেখেছেন। বাংলাদেশে পদ্মাসেতু আজ দৃশ্যমান, অল্পসময়ের মধ্যেই পদ্মাসেতু দিয়ে ট্রেনসহ অন্যান্য যানবাহন চলাচল করবে। তাই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার মানেই জনগণের সরকার, উন্নয়নের সরকার।
চট্টগ্রাম রিকন্ডিশন মটর সাইকেল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: জাকারিয়া জাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদুল করিম চৌধুরী সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী লায়ন আলহাজ্ব এম.আশরাফুল আলম।
তিনি বলেন, এই ওয়ার্ডকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলো হবে। জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্র অগ্রাধিকার ভিত্তিতে করা হবে বলেও জানান কাউন্সিলর প্রার্থী এম.আশরাফুল আলম।
বার্তাবাজার/এসজ