যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে বড় ভাই ইসমাইল হোসেন (৬০)এর মৃতদেহ দেখে ঘরে ফিরে স্ট্রোক করে মারা গেছেন ছোটভাই নজির আলী (৫৫)।
এ ঘটনায় ওই পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (৬ নভেম্বর)ভোর রাতে ঘটনাটি ঘটে।
স্বজনরা জানান, পুড়াপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার মেঝে ছেলে ইসমাইল হোসেন (৬০) দীর্ঘদিন ধরে ফুসফুসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তিনি নিজ বাড়িতে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে বাড়িতেই তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর শুনে ছোট ভাই নজির আলী (৫৫) নিজ ঘর থেকে বড় ভাইয়ের মরদেহ দেখতে যান। ভাইয়ের মৃতদেহর পাশে কিছু সময় অবস্থান শেষে তিনি নিজ ঘরে ফেরেন। নিজ ঘরে ফিরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মাত্র এক দেড় ঘণ্টার ব্যবধানেই আপন দুই সহোদরকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন গোটা পরিবারের সদস্যরা। দুই ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার শতশত শোকাহত মানুষ ওই বাড়িতে ভিড় করেন।
বার্তাবাজার/অমি