কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে মদপানের সময় আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বসে প্রকাশ্যে মদপান করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।

আটককৃতরা হলেন, মোহাম্মদ রনি, নাসির উদ্দিন এবং মামুন। তাদের মধ্যে রনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নাসির বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর ছেলে এবং মামুন শহীদ মিনার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জানা যায়, আটককৃতরা শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদ খাচ্ছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবহিত করে। পুলিশ এসে প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, শহীদ মিনার এলাকায় মাদক গ্রহণ ও বহনের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা তিনজনকে আটক করে প্রশাসনের হাতে হস্তান্তর করেছি।

শাহবাগ থানার এসআই আরিফ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে আমাদের কাছে সোপর্দ করেছিল। আজকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর