নোয়াখালীর হাতিয়ায় মেঘনা ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অমল জল দাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া মিলন জল দাস (২০) নামে আরেক যুবক নিখোঁজ রয়েছে। ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩ জেলেকে।
আজ শুক্রবার সকালে বঙ্গোপসাগরের চ্যানেল থেকে অমল জল দাসের লাশ উদ্ধার করা হয়।
নিহত অমল তমরদ্দি ৩নং ওয়ার্ডের প্রেম জল দাসের ছেলে। নিখোঁজ মিলন জল দাস একই এলাকার সূর্য জল দাস মাঝির ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে তমরদ্দি থেকে ৫ জনের একদল জেলে ছোট্ট একটি ট্রলার নিয়ে ইলিশ মাছ শিকারের জন্য মেঘনা নদীতে যায়। গভীর রাতে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি চ্যানেলে ঢুকে পড়েন তারা। এ সময় তাদের ট্রলারটি প্রচণ্ড স্রোতে উল্টে গিয়ে ডুবে যায়। ৩ জেলে সাঁতরে তীরে উঠলেও অমল ও মিলন নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় অমলের লাশ উদ্ধার করেন জেলেরা।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, ডুবে যাওয়া ট্রলারে ৫ জন জেলে ছিলেন। তার মধ্যে ৩ জন জীবিত উদ্ধার হয়েছে। একজনের লাশ আজ লাশ সকালে জেলেরা উদ্ধার করেছে। এখনও এক জেলে নিখোঁজ রয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি