কুমিল্লার বুড়িচংয়ে পুকুর থেকে আব্দুর রউফ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর দাবি নিহত আব্দুর রউফ মিয়া মৃগী রোগী ছিলেন ও ইয়াবা সেবন করতেন।
গতকাল (বৃহস্পতিবার) উপজেলার পীরযাত্রাপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়ে বিকালেই তার লাশ দাফন করা হয়। আবদুর রউফ ওই গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, বুধবার রাত ১১টার দিকে রউফ মিয়া স্থানীয় এক চায়ের দোকানে আড্ডা শেষে বাড়ি ফিরছিল। তাদের ধারণা, বাড়ির পাশের ওই পুকুর পাড়ে বসে তিনি ইয়াবা সেবন করেন। ওই সময় মৃগী রোগ জোর দিলে তিনি পুকুরের পানিতে পড়ে মারা যান।
বৃহস্পতিবার বাদ আসর রউফ মিয়াকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জাহের বলেন, রউফ মাদকসেবী ও মৃগী রোগী ছিলেন। ঘটনার দিন রাতে পুকুর পাড়ে বসে মাদক সেবনের সময় হয়তো পুকুরে পড়ে মারা গেছে বলে ধারণা করছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশকে না জানিয়ে লাশ দাফন করা হয়েছে।
বার্তাবাজার/এসজে