ভাবিকে নির্যাতনের মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতনের দায়ে ভাবির করা মামলায় বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৪ আগস্ট মাহবুরের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার তার স্বামী, দেবর ও শাশুড়িসহ ৬ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

আসামিরা হলেন- মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।

মামলার বাদী রেহেনা আক্তার বলেন, আমার স্বামী জাকির হোসেন তার নিজের পছন্দে আমাকে বিয়ে করেন। কিন্তু তার পরিবারের লোকজন আমাকে মেনে নিতে পারেনি। আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের পর থেকেই আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য আমার ওপর নির্যাতন শুরু হয়। সবকিছু জেনেও আমার স্বামী নির্যাতনের প্রতিবাদ করেনি।

তিনি আরও বলেন, সম্প্রতি আমাকে রাখার জন্য বাড়িতে আলাদা একটি ঘর করে দেন আমার স্বামী। এরপর থেকে আমার ওপর নির্যাতন আরও বাড়তে থাকে। আমি ঘরে ঢুকতে পারিনি, আমাকে সবাই মিলে বের করে দিয়েছে।

বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রেক্ষিতে মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর