রাজধানীর চকবাজারে মৌলভীবাজার টাওয়ারে অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল শিশু প্রসাধনী তৈরির অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত র্যাব-১০ ও বিএসটিআই’র সহযোগিতায়, অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
সারোয়ার আলম বলেন, শিশুদের ব্যবহার্য জনসন বেবি লোশন, বেবি শ্যাম্পু, জনসন পাউডার, ইউনিলিভারের পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলিসহ ২৮ ধরনের নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রয় করা হচ্ছিল।
তিনি আরও বলেন, তারা নিজেদের অনুমোদনহীন কারখানায় রিফিল করে স্টিকার লাগিয়ে বাজারে আসল বিদেশি পণ্য বলে বিক্রয় করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১,৪৩ ও ৫০ ধারা অনুযায়ী ৯টি প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়। ইমরান হোসেন রায়হান (২০), আব্দুল কাদের (২৫) নামের দুজনকে ৫ লাখ টাকা জরিমানা ও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
এ সময় ২টি প্রতিষ্ঠান সিলগালা করে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল, নকল ও নিম্নমানের প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।
বার্তাবাজার/আর.আর