দেশের মানুষ জিম্মি নয় বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের শুক্রবার (০৬ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
বিএনপি অভিযোগ করেছেন সরকার না কি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে- তার এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুঁড়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনও অর্জন তাদের চোখে পড়ে না।
শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত। তখন বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে।
দেশের মানুষ ভালো আছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বের উপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলসহ দেশের মানুষকে উন্নততর জীবন দেয়াই শেখ হাসিনার লক্ষ্য।
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক বলে জানান তিনি।
ছাত্র জীবনে নাটক করা নিয়ে ফখরুল সাহেবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বই লিখেছি, সাহিত্যের অন্যান্য ধারায় যুক্ত ছিলাম কিন্তু ফখরুল সাহেব ছাত্র জীবনে ভালো অভিনয় করতেন, সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল সাহেব তার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকেই।
ফখরুল রাজনীতির কারণে যা বলেন, তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলে জনমনেও সংশয় রয়েছে বলে ধারণা ওবায়দুল কাদেরের।
বার্তাবাজার/আর.আর