নগদে হাজার টাকা ক্যাশ আউটে দেশের সর্বনিম্ন চার্জ

ডাক বিভাগ পরিচালিত ডিজিটাল লেনদেন সার্ভিস ‘নগদ’ এখন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ রাখে। প্রতি ১ হাজার টাকা ক্যাশ আউট করতে নগদে লাগবে মাত্র ৯ টাকা ৯৯ পয়সা। ‘নগদ’ অ্যাপ ব্যবহারকারীরা এই সেবা উপভোগ করতে পারবেন।

গত ১ অক্টোবর থেকে তারা সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করে। যদিও শর্ত ছিল ২১০০ টাকা বা তার অধিক টাকা ক্যাশ আউটে এই সুবিধা উপভোগ করা যাবে। এখন থেকে আর সেই শর্ত থাকছে না।

‘নগদ’ এর যেসব গ্রাহক অ্যাপ ব্যবহার করেন না, অর্থাৎ ইউএসএসডিএর মাধ্যমে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ হবে ১২ টাকা ৯৯ পয়সা। উভয় ক্ষেত্রে গ্রাহককে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রদান করতে হবে।

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক বলেন, ‘আমরা সবসময়ই উচ্চ ক্যাশ আউট চার্জের বিরুদ্ধে। আমরা মনে করি গত এক দশক ধরে চলে আসা প্রতি হাজারে ২০ টাকা ক্যাশ আউট চার্জ গ্রাহকদের সাথে এক ধরনের অন্যায্য আচরণ। যার কারণে উদ্বোধনের পর থেকে ‘নগদ’ সবচেয়ে কম ক্যাশ আউট টাকা চার্জ করে আসছে।’

২০১৯ সালের ২৬ মার্চ বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর এরই মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে ‘নগদ’ নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দেড় বছরের এই যাত্রায় সরকারি-বেসরকারি নানা উদ্ভাবনীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছে রাষ্ট্রীয় সেবা ‘নগদ’।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর