মুন্সীগঞ্জে এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করে তার ভিডিও ধারণের অভিযোগে মো. সুমন (৩০) ও সুমন মিয়া (২৪) নামের দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতে বিচারক রোববার (৮ নভেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জ শহরের মোসা: তারানা আলীর বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। বুধবার (৪ নভেম্বর) রাতে ওই ছাত্রী বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানিয়েছেন, ৩ নভেম্বর বিকেলে ওই কিশোরী বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে মো. সুমন ও সুমন মিয়া তার মুখ চেপে ধরে একটি ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে তারা। সে সময় মো. সুমন মোবাইল ফোনে এই ধর্ষণের ভিডিও ধারণ করে।
তিনি আরও জানান, দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের পর সন্ধ্যায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিচারক আগামী রোববার (৮ নভেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
বার্তা বাজার/কে.কে