মিয়ানমার থেকে ইয়াবাসহ অনুপ্রবেশ কালে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২লাখ পিচ ইয়াবা বড়িসহ পাচারকারী চক্রের ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে পাচঁ জন রোহিঙ্গা নাগরিক।
আজ বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ির উপজেলার রেজু আমতলী আম বাগান এলাকা থেকে মাদকের চালানসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ।
আটককৃতরা হলো, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের রহমত উল্লাহ (২৫), মাহমুদুল হাসান (২১), মো. সেলিম (২২), মো. আমিন (২২), জিয়াবুল হক (২৬) ও উখিয়ার থ্যাইংখালী এলাকার জয়নাল আবেদীন (২৫)।
বিজিবি অধিনায়ক জানান, আজ সকাল ৮ টায় মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন তথ্যে ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির জওয়ানরা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকায় অবস্থান নেয়। এসময় সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ কালে জওয়ানরা ধাওয়া করে ৬ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় ২ লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করে জব্দকৃত মাদকসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/অমি