শরীয়তপুর ভেদরগঞ্জের সখিপুরে আকলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাঝিকান্দি স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত আকলিমা (৩০) ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শুকুর আলী মাঝীর স্ত্রী
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মাল কান্দি গ্রামের মো.আবুল মাঝীর মেয়ে আকলিমা আক্তারের (৩০) সঙ্গে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের শুকুর মাঝির সাথে সামাজিকভাবে বিয়ে হয়। প্রায় ১৪ বছর দাম্পত্য জীবনে দুটি ছেলে এবং দুটি কন্যা সন্তান রয়েছে।
আজ দুপুরে নিজ ঘরে ওই গৃহবধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠিয়েছে পুলিশ।
সখিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওবায়দুল হক জানান, নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো আকলিমার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
বার্তাবাজার/অমি