সরকারের সিন্ডিকেট ও লুটপাটের কারণে নিত্যপণ্যের বাজার চড়া বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি রাজনীতিতে না থাকলে আওয়ামী লীগ নেতাদের মুখে বারবার কেন নাম আসছে সে প্রশ্নও রাখেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে, তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক স্মরনসভায় এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজ দ্রব্যমূল্য আকাশচুম্বি হয়েছে। প্রত্যেকটি জিনিসের দাম ৩-৪ গুণ বেশি কাদের জন্য? তাদের লুটপাটের জন্য। তারা সিন্ডিকেট তৈরি করছে, যে সিন্ডিকেট সব লুটে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ছে, কৃষকদের কি আয় বেড়েছে? ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের কি আয় বেড়েছে? এই করোনায় তারা প্রায় নিঃস্ব হয়ে গেছে। বহু মানুষ আজ খেতে পারে না, আপনারা সেই অবস্থা তৈরি করেছেন। এদেশের মানুষকে জিম্মি করেছেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রত্যেকদিন একটি ঘরের মধ্যে সুন্দর আসনে বসে চমৎকার কথা বলেন। তিনি ছাত্রজীবনে নাটক করতেন এবং সুন্দর করেই বলেন। তার বলার প্রতিবাদ্য একটাই, বিএনপির এই নাই, ওই নাই। উনারা তো বলেন বিএনপি নাই, তাহলে তাদের মুখে সারাদিন বিএনপি বিএনপি কেন? আপনারাই বলেন, বিএনপি সঙ্কটে পড়েছে, নেতৃত্বের অভাব। তাহলে আপনাদের কথা বলার মূল বিষয়বস্তু বিএনপি কেন? কারণ আপনারা জানেন বিএনপিই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে দল গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে।
বার্তাবাজার/কে.জে.পি