পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিকলীগ নেতা জুয়েল প্যাদার হাত কর্তন ঘটনা ঘটার ৬ ঘন্টার মধ্যে দুই আসামীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো, বশির চৌকিদার ও সোহেল হাওলাদার।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেন, গতকাল রাতে কলাপাড়া শ্রমিকলীগ নেতা জুয়েল প্যাদার হাত কর্তন করে সন্ত্রাসীরা। জুয়েল প্যাদা এলাকায় জমির দালালী করেন। জমিজমা সংক্রান্ত বিরোধ ও অভ্যন্তরীন কোন্দলের জের ধরে অজপাড়ার নির্জন ও দূর্গম কাঁচা রাস্তার উপর একাকী পেয়ে ৪/৫ জন ভিকটিমের উপর হামলা করে জানা যায়। জুয়েলের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানা, কলাপাড়া এবং বরগুনার আমতলী থানায় অস্ত্র ও খুনসহ বিভিন্ন অপরাধের ৮ টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটায় বরগুনার আমতলীর প্রত্যন্ত পূজাখোলা গ্রামে ২ কি:মি: কাদার মধ্যে হেটে অভিযান চালিয়ে বশির চৌকিদার ও সোহেল হাওলাদার গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে হামলার কাজে ব্যবহীত একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টাসহ ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার (৪ নভেম্বর) কলাপাড়া শ্রমিকলীগ নেতা জুয়েল প্যাদা (৩০) মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে অন্ধকারের মধ্যে নির্জন স্থানে কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার বাম হাতের কব্জি কেটে ফেলে।
বার্তাবাজার/অমি