বিদেশে পাঠানোর কথা বলে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার

জয়পুরহাটের দোগাছী ইউপি সদস্যকে বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র‌্যাব-৫। তার নাম আব্দুল কুদ্দুস।

বুধবার (৪ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে ধর্ষণের অভিযোগে তার ইউনিয়নের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বলেন, ‘মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে পাঠিয়ে ভালো বেতনের চাকরির কথা বলে আদম দালাল আব্দুল কুদ্দুস। পরিবারের স্বচ্ছলতা আনতে ওই তরুণী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সাথে দেখা করলে সে কৌশলে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।’

তিনি আরও জানান, এসময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আব্দুল কুদ্দুস পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর