রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত নজরুল ইনস্টিটিউটে ইলিয়াস হোসেন নামের এক কর্মচারীকে ছুরি মেরে লকার থেকে টাকা লুটপাট করে নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে ইনস্টিটিউটের অফিস কক্ষ থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ইলিয়াস হোসেনকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম বলেন, ইনস্টিটিউট থেকে নজরুলের বই, সিডিসহ বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হয়। সেই বিক্রয় কেন্দ্রের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইলিয়াস। ঘটনার সময় দুপুরের খাবার ও নামাজের বিরতি চলছিল। বন্ধ ছিল ইনস্টিটিউটটির প্রধান ফটক। অন্যান্য স্টাফরাও বাইরে ছিলেন। এরই মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে তার লকারে থাকা টাকা লুট করে নিয়ে গেছে। সেখানে কত টাকা ছিল কিংবা হামলাকারী কে সে বিষয়ে জানা যায়নি।
তিনি আরও বলেন, দুপুর ১টার দিকে ইনস্টিটিউটের গাড়ি চালক বোরহান ভেতরে ঢুকে ইলিয়াসের কক্ষে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
গাড়ি চালক বোরহান জানান, ইলিয়াসের কক্ষে একটি লকার ছিল। সেটি খোলা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই লকারের টাকা লুট করার জন্য কেউ ভেতরে ঢুকে ইলিয়াসকে ছুরিকাঘাত করে পালিয়েছে।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী বলেন, বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ইনস্টিটিউটের ভেতরে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে